ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশে উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের আকাশচুম্বী স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে মুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা জরুরি। প্রতিটি শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্য, সুষ্ঠু শিক্ষা, চিকিৎসা এবং খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো শিশু অবহেলায় ঝরে না পড়ে।

তিনি আরও বলেন, উপযুক্ত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে শিশুরা তাদের অসীম প্রতিভার বিকাশ ঘটাতে পারে। দলগত কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের গান, নৃত্য, ফ্যাশন শোসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন জুবাইদা রহমান। তিনি শিশুদের শিক্ষা ও থেরাপি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বাফওয়া ও আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী সালেহা খান, ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর উল্লাহসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930