https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনজন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির নেতা ওবায়দুল্লাহ মাসুদ। তিনি জানান, দীর্ঘ ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ১৯৮৯ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজের জিএস এবং ১৯৯০ সালে ভিপি ছিলেন। গত ১৭ বছরে হামলা-মামলার শিকার হওয়ার কথাও উল্লেখ করে দলীয় মনোনয়ন পেলে আসনটি বিএনপিকে উপহার দেওয়ার প্রত্যয় জানান তিনি।
এদিকে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী নয়াপল্টন থেকে ফরম নেন।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পূরণ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই মির্জা ফখরুলের সংসদীয় আসনটি শূন্য হয়। পরে সংসদ সচিবালয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন, ২৯ সেপ্টেম্বর বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোট হবে ২৯ অক্টোবর।
আসনটি শূন্য হওয়ার পর বিএনপির মনোনয়ন নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে। এরই মধ্যে মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমিনকে মনোনয়ন দেওয়ার বিষয়েও দলের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।