https://timenewsbangla.com

রাজধানীর কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে পড়ে যাওয়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নূরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাত ৯টার দিকে পুরোনো পুলিশ ফাঁড়ি গলিতে নিজ বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল। এ সময় পাশের একটি বহুতল ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে তার টিনশেড ঘরের চালের ওপর পড়ে। পরে সেটি জামালের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্বজনেরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জামাল নূরবাগ এলাকার ওই গলিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন এবং দুই সন্তানের জনক।
জামালের স্ত্রী বিউটি জানান, তাদের টিনশেড ঘরের দুই পাশে পাঁচতলা ও ছয়তলা দুটি ভবন রয়েছে। কোন ভবন থেকে গ্যাস সিলিন্ডারটি পড়ে এবং কীভাবে সেটি নিচে আসে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, জামালের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।