সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা সূত্রে জানা গেছে।

সচিবালয়ে বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তত ৬১ জন সচিব অংশ নেন।

বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে দুদককে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন বলে সভায় অংশ নেওয়া এক সচিব জানিয়েছেন।

সভা সূত্রে জানা গেছে, শিগগিরই দুদক এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। কমিটিগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে দুদক।

এদিকে, গত ১৩ সেপ্টেম্বর ভোলায় এক বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রশাসনে দুর্নীতি ও ঘুষ-দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সচিব সভায়ও প্রশাসনে দুর্নীতির ধারণা এবং তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিতর্ক এড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, বৈঠকে মূলত সরকারি কাজের দক্ষতা বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে।