https://timenewsbangla.com

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। প্রযুক্তির বিকাশের ফলে অপরাধ এখন অনেক ক্ষেত্রে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক আইনকাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তথ্য ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্র্যাবের মতো পেশাদার সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৪৩ বছরের পথচলায় ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা একটি জ্ঞানভিত্তিক ক্ষেত্র, যেখানে গভীর অনুসন্ধান, পড়াশোনা ও তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়।
অপরাধের মূল কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধ শুধু একটি বাহ্যিক উপসর্গ। এর পেছনের মূল কারণ চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে। বিভিন্ন অপরাধ বিশ্লেষণে মাদক ও জুয়াকে অনেক ক্ষেত্রে অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি।
ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত বা আহত সাংবাদিকদের সহায়তার বিষয়টি সিএসআর তহবিলসহ সম্ভাব্য বিভিন্ন মাধ্যমে বিবেচনা করা হবে। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার বিষয়ে আইনগত দিক পর্যালোচনা করা হবে।
অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইন সংস্কারের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, ডিজিটাল মাধ্যমে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ এবং মাদক নিয়ন্ত্রণে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, অপরাধ দমনে শুধু অপরাধীকে শাস্তি দিলেই হবে না; অপরাধের কারণও চিহ্নিত করতে হবে। রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সমাজের সম্মিলিত উদ্যোগেই অপরাধ কমানো সম্ভব।
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
পরে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।