দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জন মারা গেছেন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।
বিভাগভিত্তিক হিসাবে, নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকায় ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।



মন্তব্য করুন