গত এক মাসে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের গত এক মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সরকার জনসাধারণের প্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত এক মাসে জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, সম্প্রতি দেশের ২১টি প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। সেখানে গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এর বাস্তবায়ন শুরু হয়েছে এবং এরই মধ্যে গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

মূল্যস্ফীতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি সময়ে মূল্যস্ফীতিতে স্বস্তি ফিরেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতির উন্নতির কারণে সার্বিক মূল্যস্ফীতির চাপ কমেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে বাংলাদেশের অবস্থান নেতিবাচক থেকে স্থিতিশীল পর্যায়ে এসেছে। তার দাবি, এর ফলে বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং নারী ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডিজেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম কম রাখা হয়েছে এবং জনগণের ওপর চাপ কমাতে সরকার এ খাতে উল্লেখযোগ্য ভর্তুকি দিচ্ছে।

মাহদী আমিন জানান, সরকারের গত এক মাসের কার্যক্রমকে তরুণদের ক্ষমতায়ন ও শিক্ষা, জনকল্যাণ, নারীর অগ্রযাত্রা ও সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো এবং সুশাসন ও বৈদেশিক সম্পর্ক—এই সাতটি প্রধান ক্ষেত্রে ভাগ করা হয়েছে।