বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জামিন নামঞ্জুর হওয়ায় উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন এক আসামি। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আদালত তাৎক্ষণিকভাবে ওই আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আসামি মো. বশির বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, একটি সিআর মামলায় অস্থায়ী জামিনে ছিলেন বশির। বুধবার মামলাটির শুনানিতে তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসের ভেতরেই কেন জামিন দেওয়া হয়নি তা জানতে চেয়ে উচ্চবাচ্য ও অশ্লীল ভাষায় কথা বলতে থাকেন।

এ সময় উপস্থিত আইনজীবীরা তাকে শান্ত হতে বললেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেননি। একপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হ্যান্ডকাপ পরিয়ে আদালত থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বশির তাদের ওপর হামলা করেন। এতে পুলিশ সদস্য মো. সিদ্দিক, মো. শাহজাহান ও হনুফা আহত হন।

ঘটনার পর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে একটি সিআর মামলা আমলে নেন। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে দণ্ডবিধির ৩২৩ ধারায় বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বরগুনা জেলা সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের বলেন, আদালতের এজলাসে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তার ভাষ্য, স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চাওয়ার পর আদেশের সময় আসামি উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা করেন। তিনি ঘটনাটিকে বিচার বিভাগের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন জানান, আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি ও গায়ে হাত তোলেন। পরে আদালত তাৎক্ষণিকভাবে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।