রাজধানীর বনশ্রীতে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসপিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। দুই বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

মন্তব্য করুন