নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বালেন্দ্র শাহ গত ২৬ আগস্টের বন্যায় প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের আর্থিক সহায়তা নেপালের চলমান মানবিক সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিঠিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে গৃহীত শোক প্রস্তাবের কথাও উল্লেখ করেন তিনি। এ উদ্যোগকে নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির প্রকাশ হিসেবে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী।
বালেন্দ্র শাহ দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ নেপালের শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, একটি প্রিয় বন্ধুরাষ্ট্রও। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগ ও বন্ধুত্ব ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।
নেপালের বন্যায় বাংলাদেশের আর্থিক সহায়তা ও জাতীয় সংসদের শোক প্রস্তাব দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং দুর্যোগ মোকাবিলায় আঞ্চলিক সংহতির প্রতিফলন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন