দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা। তবে বৃষ্টিপাত হলে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তৃতীয় দিন সামান্য বাড়তে পারে। চতুর্থ দিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পঞ্চম দিন দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। খুলনার কয়রায় ৩৬ দশমিক ২ এবং ঢাকা, রংপুর ও ফরিদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের হিসাবে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।
এদিকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মন্তব্য করুন