রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের অভিনন্দনপত্র তার হাতে তুলে দেন।
বৈঠকে ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং এর ফলে সবার জন্য গুরুতর ভোগান্তি তৈরি হবে। তিনি সংকট সমাধানে ওআইসির সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসমাইল উলদ শেখ আহমেদ।
বৈঠকে গাজীপুরে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভূমিকা নিয়েও আলোচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মহাসচিব। সফরসূচিতে বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় রাখার কথাও জানান তিনি।
এ ছাড়া চুক্তিভিত্তিক কৃষি, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ওআইসিভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
রাষ্ট্রদূত জাবেদ বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ওআইসি সচিবালয়ের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

মন্তব্য করুন