জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন স্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর শুরু হবে পবিত্র রমজান। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমন ব্যস্ত সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আয়োজন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে বলে জানান তিনি।

ইসি কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নির্বাচনকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে।