দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। এ নিয়ে গত সাত দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই মারা গেছেন ৭৯ জন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৮৪ জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯২ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬২৪ জন। এছাড়া খুলনায় ২৫২, বরিশালে ২২১, চট্টগ্রামে ১৯২, রাজশাহীতে ১০২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ এবং সিলেটে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে চলতি মাসেই এখন পর্যন্ত বছরের মোট মৃত্যুর বড় একটি অংশ ঘটেছে।


মন্তব্য করুন