চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে নতুন ও সংশোধিত প্রকল্পের ডিপিপি দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মন্ত্রণালয়ের চলমান এবং ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত অননুমোদিত প্রকল্প নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে অহেতুক সময়ক্ষেপণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময় বাড়লে প্রকল্পের ব্যয়ও সরাসরি বেড়ে যায়। তাই প্রতিটি প্রকল্পে সময়ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ করতে হবে।
কারাগার-সংক্রান্ত প্রকল্পে নিরাপত্তা ও যাতায়াতের বিধিনিষেধের কারণে কিছুটা ধীরগতি স্বাভাবিক হলেও সাধারণ অবকাঠামো ও সিভিল ওয়ার্কে বিলম্বের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। এসআরবি সদর দপ্তর নির্মাণসহ সব সাধারণ অবকাঠামোগত কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রতি জেলায় ডগ স্কোয়াড গঠন, ডোপ টেস্ট সুবিধা সম্প্রসারণ, হাজতখানা ও মালখানা সংস্কার এবং জেলা পর্যায়ে আধুনিক ফরেনসিক ও ডিজিটাল ফরেনসিক অবকাঠামো স্থাপনের প্রকল্পগুলোও নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
গ্রামীণ এলাকার থানাগুলোকে মানসম্মত মডেল থানায় রূপান্তরে নির্দিষ্ট নকশা অনুসরণের পাশাপাশি জমির সংকট থাকা এলাকায় দ্রুত ভূমি অধিগ্রহণ করে সমন্বিত প্রকল্প নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন ও অন্যান্য লজিস্টিক সংকট নিরসনেও সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পৃথক প্রকল্পের পরিবর্তে প্রোগ্রামেটিক বা ক্লাস্টার পদ্ধতি গ্রহণের আহ্বান জানান। এতে সরকারি প্রকল্পের সুফল বাড়ানোর পাশাপাশি একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। সরকারের বর্তমান মেয়াদের বাকি সময়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন ও প্রয়োজন অনুযায়ী পরিধি পুনর্নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
চলতি অর্থবছরে ‘জনশৃঙ্খলা ও সুরক্ষা’ খাতে এডিপিতে ২ হাজার ৬৬২ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৫৫২ কোটি ৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান ১০৯ কোটি ৯৭ লাখ টাকা।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীনস্থ ১০টি দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন