রাজধানীতে মাদকবিরোধী ও অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪০, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৭৭, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৫৩, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযান চলাকালে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ১ হাজার পিস রঙিন কাগজ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।