মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তেলের দাম প্রায় ১ শতাংশ কমে টানা তৃতীয় দিনের মতো দরপতন হয়েছে। তবে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৭ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১ দশমিক ০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিনও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।

সৌদি আরব ওমানের সোহর বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার ক্রেতাদের কাছে অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে। এতে হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ থাকলেও দেশটির তেল সরবরাহ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে।

গত সপ্তাহের হামলায় সৌদির গুরুত্বপূর্ণ এই পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। পাইপলাইনটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেওয়া হতো, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ।

পাইপলাইনটি পুরোপুরি মেরামতে কত সময় লাগবে, তা এখনো স্পষ্ট নয়। তবে কয়েক দিনের মধ্যে আংশিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও কয়েক দিনের মধ্যে তেল সরবরাহ আবার শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন।