পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বুধবার রাজধানীর রমনায় বিইআরসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নতুন এ মূল্যহার ঘোষণা করা হয়। কমিশন জানিয়েছে, সংশোধিত মূল্যহার গত ১ জুন থেকে কার্যকর হয়েছে।

নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুতের মূল্য সমন্বয়ের লক্ষ্যে গত ২০ ও ২১ মে গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে ছয়টি বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দেয়। পরে কমিশনের কারিগরি কমিটি গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা মূল্য বৃদ্ধির সুপারিশ করে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।