জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দেবেন তিনি।
এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দেন। এরপর ১৯৯৩ সালের ১ অক্টোবর একই মঞ্চে বক্তব্য দেন তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফলে তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পর্কের ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।
জিয়াউর রহমানের ভাষণে আন্তর্জাতিক বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় গুরুত্ব পেয়েছিল। আর খালেদা জিয়া ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে মোট পাঁচবার বক্তব্য দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। এতে গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান, দারিদ্র্য বিমোচন, জলবায়ু মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের মতো বিষয় স্থান পেতে পারে। রোহিঙ্গা সংকটও সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে থাকবে।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন