হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ওয়াশরুমের হাই কমোডের ট্যাংক থেকে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রাথমিক হিসাবে উদ্ধার করা পেস্ট থেকে পাওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে অভিযান চালানো হয়।

অভিযানে একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ডিমসদৃশ আটটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে কোনো মালিক পাওয়া যায়নি।

বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে খোলা হয়। সেখানে প্রাথমিকভাবে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়।

বর্তমানে নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে স্বর্ণ পৃথক করা এবং এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। পরীক্ষা শেষে উদ্ধার করা স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত বাজারমূল্য জানা যাবে।