চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিপিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইয়াও ওয়েন বলেন, আইডিপিসিপিসি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল করতেও রাষ্ট্রদূতের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ কয়েকটি নতুন দ্বিপক্ষীয় প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করতে পারাকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন ইয়াও ওয়েন। তিনি বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন। তিনি এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে ইয়াও ওয়েনের সাফল্য কামনা করেন।