নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ২৫ মিনিটে প্রথমে যমজ দুই ভাই আসেকিন (১৫) ও আরেফিনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টা ১০ মিনিটে আবির (১৪) নামে আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
নিহত তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আসেকিন ও আরেফিন নবম শ্রেণির এবং আবির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার বাসিন্দা।
ঘটনার সময় তাদের সঙ্গে থাকা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদিয়ান ফারিজ (১২) জানায়, তারা স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে গিয়েছিল। পরে চারজন মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। আদিয়ান তীরের কাছাকাছি থাকায় নিরাপদে উঠে আসতে পারলেও অন্য তিনজন একটি বালুর ট্রলারে ওঠার পর সেখান থেকে নামতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল চার শিক্ষার্থী। পরে তারা স্কুলে না গিয়ে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দীর্ঘ অভিযান চালিয়ে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন