সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের নামে থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

মামলাটির তদন্তে তার নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানায় দুদক। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করা হচ্ছে—এমন তথ্য পাওয়ায় সম্পদ ক্রোকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

ক্রোকের জন্য আবেদন করা জমিটি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন মৌজায় অবস্থিত। দলিল অনুযায়ী, ৩৪ শতাংশ জমিটির মূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

দুদক আদালতকে জানায়, তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা কঠিন হতে পারে। তাই সম্পদটি জরুরি ভিত্তিতে ক্রোকের আবেদন করা হয়।

দুদকের আবেদন পর্যালোচনা করে আদালত শেখ আব্দুল হান্নানের নামে থাকা ওই ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দেন।