ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী ও প্রথম স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করার আবেদন করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানান। তিনি বলেন, মরিয়মের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করার আবেদন করেছেন। আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।
মামলার আবেদনে গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকসুদাকে আসামি করা হয়েছে। মরিয়মের মৃত্যুর ঘটনায় তাদের দুজনকেই ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। সে সময় গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মরিয়মকে কোনো ধরনের নির্যাতন করা হয়েছিল কি না—এ বিষয়ে পুলিশের কাছে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দলীয়ভাবে তদন্ত হয়। পরে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।


মন্তব্য করুন