কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা অপ্রতিমকে বাঁশ দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলি আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি দেওয়া তিনজন হলেন সাইফুল ইসলাম তুহিন ও দুই কিশোর। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালতের পরিদর্শক সাদেকুর রহমান জানান, জবানবন্দি শেষে রাত পৌনে ৯টার দিকে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের কাছে থাকা আইফোন নেওয়ার চেষ্টা করলে তিনি তা দিতে রাজি হননি। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে আসামিরা বাঁশ দিয়ে তাকে আঘাত করেন। পরে তার মোবাইল ফোনটি নিয়ে যায় তারা।

এর আগে চার আসামিকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে তিনজন জবানবন্দি দিতে রাজি হলে আইন অনুযায়ী তাদের প্রস্তুতির জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়। পরে আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানান কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিংকু।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে আসামি তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে যান। পরদিন ওই এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।