বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। একই সঙ্গে দায়িত্বে থাকা দুই এসপিকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে বাগেরহাটের বর্তমান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।