ক্যাম্পেওনস কাপের ফাইনালে জয়ের পর এমএলএসে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ইন্টার মায়ামির সামনে। তবে ঘরের মাঠে স্যান ডিয়েগোর বিপক্ষে এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারেনি লিওনেল মেসির দল। ২-২ গোলে ড্র হওয়ায় লিগে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল মায়ামি।

মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় স্যান ডিয়েগো। ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান।

২৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে বল গোললাইনের সামনে পড়ে দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। মায়ামির হয়ে এটি ছিল তার ১০১তম এবং পেশাদার ক্যারিয়ারে ৯৩০তম গোল। ফ্রি কিক থেকে এটি তার ক্যারিয়ারের ৭৫তম গোল।

সমতা ফেরানোর পর আক্রমণের চাপ বাড়ায় মায়ামি। ম্যাচের ৭৪তম মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন লুইস সুয়ারেজ।

জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের শেষ দিকে আবারও গোল করেন ড্রেয়ার। ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে ২-২ করেন তিনি।

এ নিয়ে শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তারা এমএলএসের তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন। আর ১১ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।