দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন করে এবং অন্য দুই বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৮৮ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ১৩১, চট্টগ্রামে ২৯১, বরিশালে ১৪৫, ময়মনসিংহে ৭৩, খুলনায় ৯০ এবং রংপুরে ২৬ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৮৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ সময় পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে। এর মধ্যে ২০ হাজার ৬৪৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

মন্তব্য করুন