ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হবে। এ সময় তিনি চীনের জননিরাপত্তামন্ত্রীর শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন এবং চীনের জননিরাপত্তা বিষয়ক ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে চীন সফরের আমন্ত্রণ জানান।
আলোচনায় সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা ব্যবস্থাপনা, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশে একটি বিশেষায়িত সাইবার নিরাপত্তা ইউনিট গঠন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
সাইবার অপরাধ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং চীনের প্রযুক্তি ও ল্যাব পরিদর্শনের জন্য বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেন ইয়াও ওয়েন। এর পরিপ্রেক্ষিতে সিআইডির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তাসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শন করে বাংলাদেশে ফরেনসিক ল্যাব ও সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুপারিশ তৈরি করবে।
বৈঠকে চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন