মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিক্ষোভে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। রাত ৮টার দিকে ছাত্রীদের আবাসিক হল বন্ধ হয়ে গেলেও রাত ১১টার দিকে অনেকে হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন। পরে তারা অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
রাত ১২টার দিকে মিছিলটি স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফাহমিদা নুসাইবা বলেন, অধ্যাপক সায়েম শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। তাঁকে দ্রুত পুনর্বহালের দাবি জানান তিনি।
তালা দেওয়ার পর সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, উপাচার্য ভবনে তালা দেওয়া হয়েছে এবং অধ্যাপক সায়েম ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন