প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জনগণের অধিকার, দেশের স্বার্থ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহ্দী আমিন জানান, দেশপ্রেম, মানুষের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্পকে ধারণ করে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপিত হবে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জাতিসংঘ সফর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
মাহ্দী আমিন জানান, এবারের সফর সংক্ষিপ্ত রাখা হয়েছে। যাতায়াতের সময় বাদ দিলে প্রধানমন্ত্রী নিউইয়র্কে চার কর্মদিবস অবস্থান করবেন। এ সময়ে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
সফরসঙ্গী হিসেবে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন। এর বাইরে প্রয়োজনীয় গণমাধ্যম, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। সকালে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে ওয়েলকাম ব্রেকফাস্টে অংশ নিয়ে পরে জাতিসংঘ সদর দপ্তরের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেওয়া। ফলে আলাদা দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ সীমিত।

মন্তব্য করুন