জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের ডিজেলচালিত সাধারণ বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দূরপাল্লা, মহানগর ও শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়ানো হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার পর বিআরটিএ কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। একইভাবে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়াও এই সিদ্ধান্তের আওতায় পড়বে না।

নতুন ভাড়া নির্ধারণে ৫২ আসনের বড় বাস ও ৩০ আসনের মিনিবাসের হিসাব ধরা হয়েছে। তবে দূরপাল্লার কিছু বাসে আসন সংখ্যা কম থাকায় এসব পরিবহনে যাত্রীপ্রতি ভাড়া তুলনামূলক বেশি হতে পারে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বড় বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। ১৭ পয়সা বাড়লে তা হবে ২ টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হবে ২ টাকা ৫৯ পয়সা।

দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। নতুন হার কার্যকর হলে তা বেড়ে হবে ২ টাকা ৪০ পয়সা।

গত ২০ সেপ্টেম্বর সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। এর আগে এপ্রিলেও ডিজেলের দাম বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

বিআরটিএ জানিয়েছে, বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা পরে প্রকাশ করা হবে।