বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্প, জ্বালানি সংকট এবং তরুণদের কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
তিনি জানান, সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সামাজিক কর্মসূচিগুলো বিশ্বব্যাংকের কাছে প্রশংসিত হয়েছে এবং এসব উদ্যোগে সংস্থাটির সমর্থন অব্যাহত থাকবে।
এ ছাড়া তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তেল-গ্যাস সংকট মোকাবিলা এবং সরবরাহব্যবস্থা সচল রাখতেও বিশ্বব্যাংকের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন