কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা কোটবাড়ি গন্ধমতিতে অপ্রতিমের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় ছেলেকে নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ করেন নাহিদা বেগম।
তিনি বলেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। ওই ঘটনার কারণে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে তা মেনে নেবেন না বলেও জানান তিনি।
নাহিদা বেগম বলেন, তার কোনো অপরাধ থাকলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু তার কর্মকাণ্ডের দায় তার নিষ্পাপ সন্তানের ওপর চাপানো কেন হবে—এ প্রশ্ন তুলে তিনি অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, যারা তার ছেলেকে হত্যা করেছে, তারা ভবিষ্যতে অন্য শিশুদের ক্ষতি করতে পারে। তাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ সময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পরে একই প্রতিনিধি দল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও বৈঠক করে।

মন্তব্য করুন