https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ আগুনে ২১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে হাইকমিশন।
বুধবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় বহুতল ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে আবাসন ও খাবারের ব্যবস্থা ছিল। সেখানে অবস্থানকারীদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বা রোগীর স্বজন হিসেবে সেখানে ছিলেন।
অগ্নিকাণ্ডের পর অন্তত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে দুর্ঘটনার সময় ভবনটিতে মোট কতজন অবস্থান করছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণও তদন্তাধীন রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হয়।