দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মাকছুদা দাবি করেছেন, ঘটনার আগে মরিয়মের সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি। মরিয়ম কেন আত্মহত্যা করেছেন, সে বিষয়েও তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
তদন্ত সূত্রের বরাতে জানা গেছে, ঘটনার সময় গাজী নজরুল ও মাকছুদা দুজনই বাসায় ছিলেন। গাজী নজরুল জানান, সকালে বাসা থেকে বের হয়ে দুপুর ২টার দিকে বাসায় ফেরেন। পরে তার নির্বাচনী এলাকার কয়েকজন নেতাকর্মী বাসায় এলে তাদের সঙ্গে কথা বলেন এবং দুপুরের খাবার খান।
খাওয়া শেষে মরিয়ম খাবার খেয়েছেন কি না জানতে তার কক্ষের সামনে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান বলে জিজ্ঞাসাবাদে জানান নজরুল। ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। সেখানে তিনি তার দুই স্ত্রীকে নিয়ে থাকতেন।
মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ ওই রাতেই গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।
মামলায় গাজী নজরুলের চার দিন এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। মাকছুদার রিমান্ড শেষ হওয়ায় মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য করুন