জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ)। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পর বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা রয়েছে।
মালিকদের প্রস্তাব অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার কথা বলা হয়েছে। এতে প্রথম ১০০ কিলোমিটারে ভাড়া প্রায় ৫১ শতাংশ এবং পরবর্তী দূরত্বে প্রায় ৬০ শতাংশ বাড়বে। যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করারও প্রস্তাব রয়েছে।
লঞ্চ মালিকরা বলছেন, সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করায় তাদের জ্বালানি ব্যয় প্রায় ১৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি বিআইডব্লিউটিএর বিভিন্ন ফি ও চার্জও বেড়েছে। কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ এবং ঘাটে ভেড়ানোর বার্দিং চার্জ ১১৪ শতাংশ বাড়ানোর কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া শ্রমিকদের মজুরি, নৌযানের সার্ভে ও নিবন্ধন, যন্ত্রাংশ, ডকিংসহ পরিচালন ব্যয়ও বেড়েছে বলে দাবি মালিকদের। কোনো কোনো ক্ষেত্রে এসব ব্যয় ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও তাদের দাবি।
তাদের ভাষ্য, সড়ক যোগাযোগের উন্নতির কারণে লঞ্চে যাত্রী কমেছে। ফলে বাড়তি পরিচালন ব্যয়ের সঙ্গে কম যাত্রী মিলিয়ে ব্যবসায় লোকসান হচ্ছে।
প্রস্তাব কার্যকর হলে ঢাকা-বরিশাল নৌপথে ডেকের ভাড়া ৪২৯ টাকা থেকে বেড়ে ৬৬০ টাকা হতে পারে। বৃহস্পতিবারের বৈঠকেই ভাড়া বাড়ানোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মন্তব্য করুন