ডিজেলের দাম বাড়ানোর পর পরিচালন ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নতুন ভাড়া একই দিন থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জের অভ্যন্তরীণ রুটে বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।
তবে মহানগরীতে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা বহাল রাখা হয়েছে।
নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসচালিত যানবাহনের ভাড়া এতে বাড়বে না। প্রতিটি বাস ও মিনিবাসে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায়। ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বর্তমানে ডিজেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা।

মন্তব্য করুন