জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন পেজেশকিয়ান। সেখানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি।

একই দিনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গেও বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।