চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক ড. সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। তারা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি খোলা চিঠিও পাঠ করা হয়। আন্দোলনকারীরা জানান, সায়েমকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এদিকে বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রয়েছে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন