টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

এ ছাড়া আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমন্ত্রণ জানান শামা ওবায়েদ।