জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। তার দাবি, এর মাধ্যমে তাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেই বিষয়গুলো ভুলে গেছে।

সরকার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। অথচ ছয় মাস না যেতেই সরকার পতনের হুমকি দিয়ে লংমার্চ করা হচ্ছে।

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার এবং জনগণের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।