শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই। তবে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্রে নির্বাচন আয়োজন করা সম্ভব, সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।
নির্বাচন পেছানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরীক্ষার সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাস্তবতা ও সার্বিক পরিবেশ অনুকূলে রাখতেই স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

মন্তব্য করুন