দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুলকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর আগে ২১ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মরিয়মকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার মরদেহের ওপর একটি চিঠি পাওয়া গিয়েছিল বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন