জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিরল ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি বাংলায় ভাষণ দেন।
বাসসের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ইতিহাসে একই পরিবারের বাবা, মা ও ছেলে—তিনজনের রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার নজির নেই। তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে সেই নতুন অধ্যায় যুক্ত হয়েছে।
ভাষণে প্রধানমন্ত্রী তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতিসংঘে ভাষণের কথা স্মরণ করেন। তিনি বলেন, তাঁর পরিবারের সদস্যরা এর আগে এই বিশ্বমঞ্চে বাংলাদেশ ও জনগণের পক্ষে বক্তব্য রেখেছেন এবং তিনিও একইভাবে দেশের স্বার্থ ও শান্তিময় বিশ্বের প্রত্যাশা তুলে ধরতে এসেছেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় এবং রোহিঙ্গা সংকট।
এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের বিশেষ অধিবেশনে ভাষণ দেন জিয়াউর রহমান। তিনি দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক বৈষম্য ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের ৪৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি পাঁচবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া বিভিন্ন বিশেষ অধিবেশন ও সভাতেও তিনি বক্তব্য দেন।

মন্তব্য করুন