ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি নকল ওষুধ কারখানায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও শিশুদের জন্য ক্ষতিকর জেল জব্দ করেছে এসআরবি-১৯।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এর আগে কারখানাটির মালিক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ হোসেন শাহেদকে আটক করে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

এসআরবি জানায়, শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় কারখানাটিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ওষুধ উৎপাদনের বৈধ কোনো কাগজপত্র বা সনদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত কারখানার ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দ করা ক্ষতিকর তরল ওষুধ স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয়। অন্য ওষুধ ও মালামাল জব্দের পাশাপাশি ভারী যন্ত্রপাতিও জব্দ করে স্থানীয় বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে।

এসআরবি-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানান, শাহেদের তথ্যের ভিত্তিতেই কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীনভাবে মানবদেহের জন্য ক্ষতিকর নকল ওষুধ তৈরি হচ্ছিল।