রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া এ কথা বলেন।
সম্প্রতি এক প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের তিনটি প্রধান দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণ ঘটবে না।
এই বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে তিনি কেন এমন মন্তব্য করেছেন। তার মতে, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
তবে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত দিতে পারবেন।
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। এ সময় অসৎ উদ্দেশ্যে তৈরি করা প্রায় ৯ হাজার কাগজের মুখোশও উদ্ধার করা হয়। অভিযানে জাহিদ হাসান ইমন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন