জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও তুরস্ক।

শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আসন্ন জলবায়ু সম্মেলন ও এতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণ ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। তবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া বৈঠকে উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুরস্কের কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

২০২৭ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নিতে তুরস্ককে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।