কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তাকে প্রাথমিকভাবে ভুক্তভোগী হিসেবে দেখছে পুলিশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানিকদী নামাপাড়ায় শনিবার সালমানের স্টুডিওতে ভাঙচুর হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জিডি বা মামলা করার আইনগত প্রক্রিয়া চলছে।

সালমান মুক্তাদির ফেসবুক লাইভে দাবি করেছিলেন, চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান নিজেই জানিয়েছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। তাই কার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তা এখনো নির্দিষ্ট নয়। নির্দিষ্ট অভিযোগে মামলা হলে পুলিশ তা তদন্ত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে একটি বিল্ডার প্রতিষ্ঠান ও একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে জায়গাটি দখলের চেষ্টা করলে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে।