রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জনের পরিচয় যাচাই-বাছাই চলছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, জাসদের নেতাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯ জনের পরিচয় যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, কাউকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

তিনি আরও বলেন, জাসদের পক্ষ থেকে কর্মসূচির জন্য আবেদন করা হলেও কার্যালয়ে সভা করার অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে জাসদ কার্যালয় পুলিশের হেফাজতে রয়েছে।

এর আগে শনিবার দুপুরের পর জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করেন যুবদলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে তারা পুলিশকে খবর দেন। পরে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যালয়ের ভেতরে থাকা ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে একত্রিত হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।